চুমুর দৃশ্য নেই বলেই ছবি হিট হয়নি: ইমরান
বলিউডের অন্যতম আবেদনময় তারকা হিসেবে পরিচিত ইমরান হাশমি। তার ছবি মানেই চুমুর দৃশ্য থাকবেই। তবে নিজের এই ইমেজ ছেড়ে বের হয়ে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবিতে একেবারেই সাদা-মাটা চরিত্রে অভিনয় করেন ইমরান হাশমি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ইমরান হাশমি মনে করেন, চুমুর দৃশ্য নেই বলেই ছবি হিট হয়নি।
‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবিটি নির্মাণ করেছেন সৌমিক সেন। এতে ভারতের শিক্ষাব্যবস্থার অন্ধকার দিক তুলে ধরা হয়েছে। এই ছবিতে সেই চিরচেনা ইমরান হাশমিকে পাননি দর্শক। চুমু তো দূরের কথা, তাকে সেভাবে রোমান্স করতেও দেখা যায়নি।
একটি সংবাদ মাধ্যমকে ইমরান হাশমি বলেন, ছবিটিতে চুমু বা অন্তরঙ্গে কোনো দৃশ্য ছিল না বলে দর্শক হয়তো নিরাশ হয়েছেন। তবে ছবি ফ্লপ হওয়ার এটাই একমাত্র কারণ নয়। আমার নতুন ইমেজ দর্শক সেভাবে গ্রহণ করতে পারেননি। এ ছাড়া ‘হোয়াই চিট ইন্ডিয়া’ না চলার একাধিক কারণ আছে। শিক্ষাব্যবস্থার ওপর ছবি, তাই দর্শকের মধ্যে সেই অর্থে গ্রহণযোগ্যতা ছিল না।
মুক্তির অপেক্ষায় রয়েছে ইমরান হাশমি অভিনীত ‘দ্য বডি’ নামের নতুন ছবি। ছবিটি মুক্তি পাবে ১৩ ডিসেম্বর। এই ছবিতে ইমরান হাশমি ছাড়া আরো অভিনয় করেছেন ঋষি কাপুর, সবিতা ধুলাপিয়া ও ভেধিকা। ছবিতে দর্শক আবার ইমরান হাশমিকে আগের মতো চরিত্রে দেখতে পাবেন। থ্রিলার ধাঁচের ছবিটিতে তার চুম্বন দৃশ্য রয়েছে।